বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আইজি মোঃ মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
গতকাল ১০ মার্চ রোববার বিকেলে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
শুরুতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আইজি মোঃ মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম-এর হাতে ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন তিনি। চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের তত্তাবধানে বইটি প্রকাশিত হয়।
সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস ও পুলিশের পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আইজি মোঃ মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বীরত্বগাথা অবদান ও তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন-সংগ্রামের কিছু দুর্লভ চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য একটি চমৎকার প্রকাশনা। বইটি প্রত্যেক স্কুল-কলেজে দেয়া হলে শিক্ষার্থীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।

















