ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ২২তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর। দলের পক্ষে ঝড়ো ইনিংস খেলেন ম্যাচসেরা এবি ডি ভিলিয়ার্স। ৪২ বলের মোকাবেলায় ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
এছাড়া অন্যান্যদের মধ্যে রজত পতিদার ২২ বলে ৩১ ও গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২৫ রান করেন। দিল্লীর পক্ষে একটি করে উইকেট শিকার করেন ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, আভেশ খান, অমিত মিশ্র ও অক্ষর পেটেল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার শিখর ধাওয়ান ও ওয়ান ডাউনে নামা স্টিভ স্মিথকে হারিয়ে ফেলে দিল্লী। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের বিদায়ে দল চাপে পড়ে যায়। তবে দলের হাল ধরেন রিশভ পান্ট। দিল্লীর অধিনায়ক সব চাপ জয় করে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন দলকে।
পৃথ্বী শাও ২১ ও মার্কাস স্টয়নিস ২২ রান করে বিদায় নিলে পান্টের সাথে দলের বিপর্যয় সামাল দেন শিমরন হেটমেয়ার। তবে পান্টের ৪৮ বলে ৫৮ ও হেটমেয়ারের চার ছক্কার সাহায্যে গড়া ২৫ বলে ৫৩ রানের দুই অপরাজিত ইনিংসও দলকে জেতাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান জড়ো করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি।
শেষ ওভারে জয়ের জন্য দিল্লীর প্রয়োজন ছিল ১৪ রান। মোহাম্মদ সিরাজের করা ওভারে পান্টরা নিতে পেরেছেন ১২ রান, শেষ বলে হাঁকানো চারসহ। ব্যাঙ্গালোরের পক্ষে হার্শাল পেটেল দুটি এবং সিরাজ ও কাইল জেমিসন একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লী ক্যাপিটালস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৭১/৫ (২০ ওভার)
ডি ভিলিয়ার্স ৭৫*, রজত ৩১
আভেশ ২৪/১, ইশান্ত ২৬/১
দিল্লী ক্যাপিটালস : ১৭০/৪ (২০ ওভার)
পান্ট ৫৮*, হেটমেয়ার ৫৩*
হার্শাল ৩৭/২, জেমিসন ৩২/১
ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ রানে জয়ী।

















