চট্টগ্রাম জেলার বীচ ম্যানেজমেন্ট কমিটির এক সভা আজ ১৬ মে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পতেঙ্গা ও পারকিসহ জেলার সকল সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যাবলী সমন্বয়ের নিমিত্তে গুরুত্বারোপ করা হয়। একইসাথে সমুদ্র সৈকতগুলোর নিরাপত্তা, শৃংখলা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাদির ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, সৈকতের সার্বিক উন্নয়ন, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনার নিমিত্তে মাষ্টার প্ল্যান তৈরী এবং পতেঙ্গা সমুদ্র সৈকতকে কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে গড়ে তোলার বিষয়ে কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।
সভা শেষে ১৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে-বীচ সংশ্লিষ্ট এলাকায় পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ করা, বীচ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনয়ন, বীচ সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী/অস্থায়ী অফিস স্থাপন, সমুদ্র সৈকতের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা, মাস্টার প্ল্যান বাস্তবায়নের পূর্ব পর্যন্ত সৈকতের দোকানসমূহ সুশৃংখল ও পুনর্বাসন করা, বীচ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইউনিফর্মধারী সেবক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা, বীচ সংশ্লিষ্ট এলাকায় যথাযথ সেবা প্রদানের নিমিত্তে গাড়ী পার্কিং, বিভিন্ন সেবা গুলোকে জোন ভিত্তিতে ভাগ করা, পতেঙ্গা সমুদ্র সৈকতকে কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে সাজানো, বীচের গেজেট ভূক্ত এলাকা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের পূর্ণবাসন পূর্বক উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বীচ সংশ্লিষ্ট এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা নেয়া, পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধাদির ব্যবস্থাসহ সৈকতের সার্বিক উন্নয়ন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনাসহ বিদেশী পর্যটকদের জন্য সৈকতে এক্সক্লুসিভ জোন নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ করা, পর্যাপ্ত টয়লেট, শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা গ্রহণ, বীচ এলাকায় ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবা মূল্য নির্ধারণ ও এক্ষেত্রে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা, বীচ এলাকায় খাদ্য দ্রব্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়নের বিষয়ে একটি উপ-কমিটি গঠন করা এবং বীচ এলাকায় পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য ট্যুরিষ্ট পুলিশের শেড/অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, সিএমপি’র কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েদ, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, চ্যানেল আই’র ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, হোটেল সৈকতের ব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ, সিডিএ’র স্থপতি মোঃ গোলাম রাব্বানী চৌধুরী, চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাংয়ের সিইও সাকিব নাবিল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দীপক কুমার সরকার প্রমূখ।
















