ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের নিয়ন্ত্রণ এখন শ্রীলঙ্কার হাতে। বাংলাদেশকে ফলো অনে রেখেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা লঙ্কানরা হাঁটছে বড় লিডের পথে।
৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে। আগের দিন তিন উইকেট শিকার করা তাসকিন আহমেদের চতুর্থ শিকার হয়ে রমেশ মেন্ডিস সাজঘরে ফিরলে ভাঙ্গে নিরোশান ডিকওয়েলার সাথে তার ১১১ রানের জুটি।
৬৮ বলে ৩৩ রান করে রমেশ সাজঘরে ফিরলেও ৭২ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডিকওয়েলা। ৭ উইকেট হারানো শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে ৪৯৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৫১ রানে। প্রথম সেশন ও দ্বিতীয় সেশনের শেষ বলে উইকেট হারানো বাংলাদেশের পক্ষে প্রতিরোধ গড়তে পেরেছিলেন কেবল ওপেনার তামিম ইকবাল। ১৫০ বলে ৯২ রান করে আরও একবার তিন আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে।
এছাড়া মুমিনুল হকের ১০৪ বলে ৪৯ কিংবা মুশফিকুর রহিমের ৬২ বলে ৪০ রানের ইনিংসগুলো আক্ষেপই বাড়িয়েছে শুধু। শেষদিকে লড়তে থাকা তাইজুল ৫০ বলে ৯ রান করে আউট হন অদ্ভুতভাবে। তার ব্যাটে টাইগাররা ফলো অন এড়ানোর স্বপ্ন দেখলেও অদ্ভুতভাবে জুতা খুলে গিয়ে স্ট্যাম্পে আঘাত করলে হিট উইকেট হিসেবে সাজঘরে ফেরেন। ৮৩ ওভার খেলে সফরকারীদের ইনিংস থামে ২৫১ রানে। অভিষিক্ত লঙ্কান স্পিনার প্রবীণ জয়াউইকরামা একাই শিকার করেন ৬টি উইকেট।
বাংলাদেশে অবশ্য ফলো অনের অস্বস্তিতে ফেলেনি ২৪২ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা। শেষদিকে ব্যাট করতে নেমে দুই স্পিনারের বলে দুটি উইকেটও হারিয়েছে তারা, বিনিময়ে জোগাড় করেছে ১৭ রান। তবে এখনও লঙ্কানরা এগিয়ে ২৫৯ রানে, যা বাংলাদেশকে জাগাচ্ছে পরাজয়ের শঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৯৩/৭ (১৫৯.২ ওভার)
থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকওয়েলা ৭৮*, রমেশ ৩৩
তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, তাইজুল ৩৮-৭-৮৩-১
বাংলাদেশ ১ম ইনিংস : ২৫১/১০ (৮৩ ওভার)
তামিম ৯২, মুমিনুল ৪৯, মুশফিক ৪০
জয়াউইকরামা ৩২-৭-৯২-৬, লাকমল ১০-০-৩০-২, রমেশ ৩১-৭-৮৬-২
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ১৭/২ (৭ ওভার)
করুনারত্নে ১৩*, ম্যাথিউস ১*, থিরিমান্নে ২, ফার্নান্দো ১
তাইজুল ২-১-২-১, মিরাজ ৪-২-৭-১
শ্রীলঙ্কার লিড ২৫৯ রান।

















