সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় শুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ী (ধোপা বাড়ী)তে এঘটনা ঘটে। শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ও এসআই আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত এর পাশে একটি আমলকী গাছের ওই ব্যক্তির মৃতদের ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে মৃত শুকুমার দাশের ছোট ছেলে ঝন্টুদাশ এটিকে হত্যা দাবী করে বলেন, আমার বাবা আত্নহত্যা করেনি। সোমবার ভোরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে জমিজমা নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

















