জনগণের মধ্যে করভীতি দূর করতে কর ব্যবস্থাপনা অধিকতর সহজতর করতে হবে। আজ (১২ নভেম্বর) সকাল সাড়ে দশ ঘটিকায় চবি শিক্ষক সমিতির আয়োজনে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘অনলাইনে আয়কর রিটার্ন (e-Return) দাখিল’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
চবি উপাচার্য বলেন, সাধারণ মানুষ কর প্রদান করে দেশের উন্নয়ন-অগ্রগতিতে অংশ নিতে আগ্রহী; কিন্তু কর ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজতর না হওয়ার কারণে অনেকে কর প্রদানে হয়রানির শিকার হচ্ছেন। এ জন্য সাধারণ মানুষের মধ্যে কর প্রদানে অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। বিগত সময়ে জনগণের করের টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় ও দুঃখজনক। তিনি দেশের মানুষ যাতে সহজে কর প্রদান করতে পারে, সে জন্য কর প্রদানে সহজতর কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে কর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আহবান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, চবি ব্যবসায় প্রাশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির ও চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মোঃ মঞ্জুর আলম। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ.বি.এম. আবু নোমান।
কর্মশালায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সাধারণ মানুষ কর প্রদান করে দেশের সার্বিক ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে। এ কর ব্যবস্থাপনা যত বেশি সহজতর হবে, মানুষ ততই কর প্রদানে আগ্রহী ও উদ্বুদ্ধ হবে এবং এতে থাকবে না কোনো প্রকার হয়রানি ও বৈষম্য।
চট্টগ্রাম কর অঞ্চল—৩ এর উপ কর কমিশনার জুনায়েত কর্মশালায় ‘অনলাইনে আয়কর রিটার্ন (e-Return) দাখিল’ প্রক্রিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রদর্শন করেন।

















