চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে বিআইআইটি কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য

বিআইআইটির সহায়তায় চবিতে ইসলামী বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ অবারিত হয়েছে

282

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীতে ‘বিআইআইটি কর্নার’ উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ইসলামী বিষয়ে গবেষণার সুযোগ অবারিত হয়েছে বলে মন্তব্য করেন চবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

Advertisement

আজ (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় Bangladesh Institute of Islamic Thought (BIIT) এর উদ্যোগে উক্ত কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন ও জ্ঞান আহরণের উর্বর ক্ষেত্র। আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল ইসলামী মৌলিক বিষয়ের ওপর গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া। আজ ‘বিআইআইটি কর্নার’ উদ্বোধনের মাধ্যমে স্বপ্নের পথ চলা শুরু হলো। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে ৪ টি: পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি ও ইসলামী অর্থনীতি। এগুলোর মধ্যে তিনি বিশেষ করে ইসলামী অর্থনীতি ও জ্ঞানের ইসলামীকরণ সংক্রান্ত গবেষণার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু ইসলামী ভিত্তিগুলোর কোন সময় পরিবর্তন হয়না। ইসলাম সম্পর্কে বিজ্ঞান কী বলে, সে বিষয়ে গবেষণা করার জন্য তিনি গবেষকদের প্রতি জোরালো আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআইআইটি’র মহাপরিচালক ড. মোঃ আব্দুল আজিজ বলেন, ইসলামী জ্ঞান ও চিন্তার জগতে ইসলামের মৌলিক বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিআইআইটির সমৃদ্ধ প্রকাশনা ভান্ডারের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের নামীদামী লেখকের প্রকাশিত বই রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরীতে যদি পর্যাপ্ত স্পেস দেয়া হয়, তাহলে বিআইআইটির পক্ষ থেকে আরও বই সরবরাহের আশ্বাস প্রদান করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইসলামী জ্ঞানের খোরাক পাবে।

চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি আরবী বিভাগের প্রফেসর ও বিআইআইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আ.ক.ম. আবদুল কাদের, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আলমগীর, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও চবি প্রেসের পরিচালক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী।

পরে চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিআইআইটির সমঝোতা (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisement