পাঁচলাইশে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে ‘ওসি’ নেজাম

137

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।

Advertisement

সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।

নেজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।

এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন।

Advertisement