রনজিত কুমার শীলঃ চট্টগ্রাম নগরীর নগরীর বায়েজিদ থানাধীন কুলগাঁও তিন রাস্তার মোড় থেকে সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগি আসিফসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে একটি এলজি, তিনটি হাসুয়া, ছয়টি কিরিচি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি কাটার, দুইটি ড্রিল মেশিন, ছয়টি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, পাঁচটি ডেমো মোবাইল, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, তিনটি হাত ঘড়ি, আটটি এটিএম কার্ড, একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯), মো. জুয়েল (২০)।
অস্ত্র ও বিভিন্ন মালামালসহ ৬ ডাকাতকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার সকলের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
অস্ত্রশস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাতদের বিষয়ে আজ ২৮ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন জনসংযোগ কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন।
তিনি বলেন, গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত মোঃ আসিফসহ সকলেই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতেরা বিভিন্ন তারিখ ও সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বিভিন্ন পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশ সেখানে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ডাকাত ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করেছে। খুব শীঘ্রই সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ দিনে ১৩১ জন ডাকাত ও ছিনতাইকারীর পাশাপাশি ৯৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সিএমপি’র ক্রাইমজোন খ্যাত বায়েজিদ বোস্তামী থানাসহ অন্যান্য থানা এলাকাকে অপরাধমুক্ত করতে পোষাকধারী ও সাদা পোষাকে পুলিশী অভিযান আরও জোরদার করা হবে।
















