পিআইবির উদ্যোগে চবিতে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

330

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতাদের জন্য ৩ দিন ব্যাপী (২৩-২৫ জানুয়ারি ২০২৫) ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার। পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী ও সহকারী প্রশিক্ষক মিনহাজ উদ্দিন নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও প্রশিক্ষণার্থী ইসরাত জাহান অর্পা।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত পিআইবি’র কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, লার্নিংকে চর্চা করলে অনায়াসে আর্নিং করা সম্ভব। আজকের প্রশিক্ষণে অর্জিত নলেজ শেয়ার করার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদেরকে সমৃদ্ধ করে কর্মজীবনে প্রতিফলন করতে পারবেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। ২৪ এর গণআন্দোলনের পর অনেক সাংবাদিককে জাতি পালাতে দেখেছে। তারা কেন পালাবে? উপ-উপাচার্য সাংবাদিকদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি সাংবাদিকদেরকে যেকোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে উক্ত বিষয়ের গভীরে গিয়ে অনুসন্ধানী সংবাদিকতা করার পরামর্শ দেন। পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রশিক্ষণে সংবাদের ধারণা: সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উপাদান, সংবাদ মূল্য ও সংবাদ চেতনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ভ. মোঃ শহীদুল হক। রিপোর্টিং: রিপোর্টিং- এর ধরণ, প্রকরণ ও বৈশিষ্ট্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব খ. আলী আর রাজী, মোবাইল সাংবাদিকতা: মোবাইল সাংবাদিকতা কি ও কেন ? ওয়ানম্যান আর্মি, মোবাইল সাংবাদিকতার ডিভাইস ও ব্যবহার: মোবাইল সেটিংস ও ক্যামেরা সেটিংস, মোজো টুলস পরিচিতি ও ব্যবহার, শট ডিভিশন: বিভিন্ন ধরনের শট, শট নির্বাচন ও শুটিং কৌশল, মোজো সম্পাদনা: সম্পাদনার বিভিন্ন ধাপ, অডিও ভিডিও আবহের মিশ্রণ, ফ্যাক্টচেকিং: গণমাধ্যম ও ফ্যাক্টচেক, ফ্যাক্টচেকিং টুলস, ভুয়া ছবি ও ভিডিও যাচাই বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ড. জামিল খান। জেন্ডার প্রতিবেদন: জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন তৈরিতে শব্দ ও ভাষার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ পরিচালক জনাব পারভিন সুলতানা রাব্বি। অনুসন্ধানমূলক প্রতিবেদন কি এবং কেন এর ওপর প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি এর সহকারী প্রশিক্ষক জনাব জিলহাজ উদ্দিন নিপুন।

এছাড়াও কর্মশালায় অনুসন্ধানমূলক প্রতিবেদন: প্রচার ও প্রকাশ: চ্যালেঞ্জ ও করণীয়, অনুসন্ধানমূলক প্রতিবেদন: গবেষণার গুরুত্ব, অনুসন্ধানী সাংবাদিকতা: বাংলাদেশ প্রেক্ষাপট ও অনুসন্ধানী সাংবাদিকতায় পক্ষপাত এড়ানো বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি জনাব নাজিয়া আফরিন মনামী এবং প্রতিবেদনে বয়ানের সত্য মিথ্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।

উল্লেখ্য, পিআইবির প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সাংবাদিকতার বিভিন্ন প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে অবহিত করা, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উত্তরণের উপায় সম্পর্কে জানানো, অনুসন্ধানী, ফ্যাক্ট ও মোবাইল সাংবাদিকতার ধরন, কৌশল ও ধাপসমূহ নিয়ে বিস্তারিত ধারণা দেয়া ও সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ। প্রশিক্ষণে ৩৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন।

Advertisement