করিডোর - বন্দর প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপি

একমাত্র নির্বাচিত সরকারই জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে

165

করিডোর-বন্দর এর মতো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে। এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মর্মে উল্লেখ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ সব কথা উল্লেখ করেন সংগঠনের আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

Advertisement

বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর- সংক্রান্ত বিষয়ে তাহারা বলেন, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিন্ড। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এ ধরণের স্পর্শকাতর স্থাপনা পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি অন্তর্বর্তী সরকার কোনভাবেই নিতে পারে না। কেননা এতে জাতীয় স্বার্থের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত এবং এ সিদ্ধান্ত কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই নিতে পারে।

দেশে চলমান মব জাস্টিস বিষয়ে বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাহারা বলেন, মব জাস্টিসের নামে মহল বিশেষের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা কোনভাবেই আর সহ্য করা হবে না। দেশে আইন-আদালত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রয়াস বিএনপি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করবে।

Advertisement