চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত

320

রাজধানী ঢাকার পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় তিনজন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সিভিল সার্জন। 

Advertisement

আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুজন রোগী শনাক্ত হন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সোমবার (৯ জুন) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের করোনা পরীক্ষা করে দুজনের শরীরে এর জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর।

মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৪৪ জনের পরীক্ষা শেষে ৩০ বছর বয়সী এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনের দুইজন শহরের বাসিন্দা। অন্যজন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিটের ঘাটতি থাকলেও আশা করছি শনিবারের মধ্যে পেয়ে যাবো। এছাড়া আমাদের ৮০ হাজারের মতো করোনা টিকা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯–এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

Advertisement