চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও চবি’র সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে আজ (২১ জুলাই ২০২৫) বেলা ১১টায় যোগদান করেছেন।
এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামী উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহা্ম্মদ সাইফুল ইসলাম, চবি সমাজ বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্ল্যা তালুকদার, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন,চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও বরিষ্ট শিক্ষকসহ উক্ত অনুষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে চবি উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীকে অভিনন্দন জানান। একইসাথে তার দায়িত্বপালনে সফলতা কামনা করেন। উপ-উপাচার্যদ্বয় বিদায়ী ডিন প্রফেসর ড. মো: আলাউদ্দিন মজুমদারকে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর, এম.ফিল এবং পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। ২০১৪ সালে তিনি দক্ষিণ কোরিয়ার ইনসিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোষ্ট-ডক্টরাল ফেলোশীপ সম্পন্ন করেন। ড. পাটওয়ারী ১৯৯৯ সালে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষা প্রশাসনে উচ্চতর প্রশিক্ষন লাভ করেন। সমাজ বিজ্ঞান অনুষদের ডিন এর দায়িত্ব গ্রহণ করার পূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর রেজিস্ট্রার, ডাইরেক্টর স্টুডেন্টস এ্যাফেয়ার্স, ওয়ার্ডেনসহ বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পেশাগত এবং প্রশিক্ষনের জন্য প্রফেসর পাটওয়ারী মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিংঙ্গাপুর, নেপাল, ভারত, মালদ্বীপ ও সৌদিআরব সফর করেন।
দেশীয় এবং বিদেশী জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ এবং ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রাস্থ হিলভিউ পাবলিক স্কুলের সভাপতি, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান, গবেষণা প্রতিষ্ঠান বি.আই.আই.টি এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের পরিচালকসহ অনেকগুলো সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।
প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী সকলের দোয়া কামনা করেন একইসাথে দায়িত্বপালনে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

















