চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক বার্ষিকী সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, চবি কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের জীবন সদস্য, সৃজনশীল প্রকাশনা পরিষদের সাবেক সভাপতি, নিবেদন প্রকাশনার স্বত্বাধিকারী, কালধারা সাহিত্য ও সংস্কৃতির পরিষদের প্রতিষ্ঠাতা, চট্টগ্রামের পুস্তক প্রকাশনা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন শাহ্ আলম নিপু আজ শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল ৬:৩০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় উপাচার্য আরও বলেন, জনাব নিপু ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উচ্চশিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। সিনেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, তিনি গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার মিরসরাইয়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
















