আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০০ বৃক্ষরোপণ

463

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজ (১৯ আগস্ট ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫।’ এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে এক হাজার ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

চবি উপ-উপাচার্য (প্রশাসন) স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, বায়োডাইভারসিটি রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন। তারা বৃক্ষরোপণের ইহকালীন ও পরকালীন সুফলের কথা উল্লেখ করে আলোচনা করেন।

প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান বলেন, প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এমন উদ্যোগকে এগিয়ে নিতে সবার এগিয়ে আসা প্রয়োজন।

এ. জি. এম. নিয়াজ উদ্দিন বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি আমাদেরকে গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়টিও খেয়াল রাখতে হবে।

কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের বিশেষ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর উদ্দীন এবং আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হাসান।

Advertisement