চবির সাবেক প্রফেসর ড. সুনীতিভূষণ কানুনগোর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

103

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান, বরেণ্য ইতিহাসবিদ অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সুনীতিভূষণ কানুনগো আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া হাসপাতালে পরলোক গমন করেছেন। মহান এ শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ ইতিহাসবিদ ও শিক্ষাবিদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন।

শোক বার্তায় তারা আরও বলেন, প্রফেসর ড. সুনীতিভূষণ কানুনগো ছিলেন বাংলাদেশের ইতিহাস চর্চায় এক উজ্জ্বল নাম। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন এবং বহু গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন। ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তার গবেষণাকর্ম দেশ-বিদেশে সমাদৃত। এ মেধাবী শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, বরেণ্য এ ইতিহাসবিদ এক ছেলে, অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement