পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬-১১ ডিসেম্বর-২০২৫ ইংরজি পর্যন্ত ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদযাপিত হতে যাচ্ছে।
এরই অংশ হিসাবে এ কর্মসূচী সফল করার লক্ষ্যে আজ ২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি ও প্রস্তুুতিমূলক সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে ও সহকারী পরিচালক লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরণ ও সরবরাহ) আবদুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ বেতারের পরিচালক মোঃ মাহফুজুল হক। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত।
শুরুতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে সেবা সপ্তাহের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন সহকারী পরিচালক লিকসন চৌধুরী। বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন অসরকারী সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।
আগামী ৬ ডিসেম্বর শনিবার সকালে নগরীর আগ্রাবাদ মা ও মিশু কল্যাণ কেন্দ্র এবং বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে জেলা পর্যায়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এখন থেকে হোম ডেলিভারী নয়, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর কোন বিকল্প নেই। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিতে জেলা সিভিল সার্জনের মাধ্যমে চিঠি প্রেরণ করা হবে। আমরা সমন্বিতভাবে এ কর্মসূচী বাস্তবায়ন করতে চাই।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (লজিস্টিক) আবদুর রাজ্জাক বলেন, জনবল ও লজিস্টিক সাপোর্টের স্বল্পতার মধ্যেও সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমুহে পরিবার পরিকল্পনার সেবা ও প্রচারণার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। লজিস্টি সাপোর্ট পেতে স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে হবে। শুধু সেবা সপ্তাহ নয়, স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতসহ পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট সংকট থাকা সত্তে¡ও সেবার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। এ সেবা আরও গতিশীল করতে আমরা আগামীতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহে উদ্যোগ নেয়া হবে।
সভার বিশেষ অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লজিস্টিক সাপোর্ট স্বল্পতা সত্তে¡ও পরিবার পরিকল্পনা বিভাগ তাদেও সেবা অব্যাহত রেখেছে। পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের আশ্বাস দেন সিভিল সার্জন।
সভার সভাপতি পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ জানান, সেবা সপ্তাহে প্রতিটি উপজেলা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে কেন্দ্রগুলোতে উঠান বৈঠক, মা সমাবেশ, কিশোর-কিশোরী সমাবেশ, তারুণ্যের সমাবেশ ও কাউন্সেলিংসহ নানবিধ কার্যক্রম সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরী হবে।

















