নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিভাগের সভাপতির কার্যালয়ে চবিসাস নেতৃবৃন্দ তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
উল্লেখ্য, শাহাব উদ্দিন নীপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সাক্ষাৎকালে চবিসাস নেতৃবৃন্দ নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিভাগের সার্বিক উন্নয়ন এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
নবনিযুক্ত সভাপতি শাহাব উদ্দিন নীপু বলেন, “সাংবাদিক সমিতি আমার নিজের সংগঠন। এই বিভাগের শিক্ষার্থীরাই ক্যাম্পাসে সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখছে। বিভাগের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এসময় চবিসাস নেতৃবৃন্দ বলেন, শাহাব উদ্দিন নীপু স্যারের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক বিভাগের দায়িত্ব নেওয়ায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে তিনি নিজে চবিসাসের সাবেক সভাপতি হওয়ায় ক্যাম্পাস সাংবাদিকদের সাথে বিভাগের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

















