চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) এর ২০২৫ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা (এজিএম), নবনির্মিত ‘আউটস্কার্ট জোন-২’ এর শুভ উদ্বোধন এবং ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠান সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ক্লাব (ক্যাম্পাস) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. শিপক কৃষ্ণ দেব নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. শিপক কৃষ্ণ দেব নাথ এবং বার্ষিক আর্থিক বিবরণী পেশ করেন ক্লাবের কোষাধ্যক্ষ জনাব আবদুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্যাম্পাসে এখন মনোরম পরিবেশ বিরাজ করছে। সবদিকে সৌন্দর্য বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনোরম পরিবেশে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লাব। কর্মব্যস্ততার মাঝে ক্লাবের সদস্যবৃন্দের মাঝে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে এ ক্লাবের ভূমিকা অনন্য।
মাননীয় উপাচার্য ক্লাবের বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া প্রয়াত সদস্যদের পরিবারকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেন। মাননীয় উপাচার্য ক্লাবের বিদায়ী কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানান। তিনি অতীতের ন্যায় সামনের দিনে ক্লাবের সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) দারুণ আয়োজনের জন্য মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, চবি ক্যাম্পাস ক্লাবের সৌন্দর্য বেড়েই চলেছে। আশা করি, পরবর্তী কমিটি আরও ভালো উদ্যাগ গ্রহণ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। সবার জন্য শুভ কামনা জানান উপ-উপাচার্য (প্রশাসন)।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান সবাইকে ধন্যবাদ জানান। বক্তৃতা ও পুরস্কার বিতরণী পর্বের আগে মাননীয় উপাচার্য অতিথিদের সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) এর প্রবেশদ্বারের বামপাশে নবনির্মিত ‘আউটস্কার্ট জোন-২’ উদ্বোধন করেন। এরপর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। ক্লাবের বার্ষিক অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও অতিথিবৃন্দ। তাছাড়া ক্লাবের কার্যকরী পরিষদ ২০২৫, ক্লাবের বিভিন্ন কার্যক্রমে গঠিত কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের নবনির্বাচিত ২০২৬ কার্যকরী কমিটি নির্বাচনে নির্বাচন কমিশন ও সহকারী নির্বাচন কমিশনারদেরকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী পরিষদ ২০২৬ নির্বাচনে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সম্পাদক ড. মো. আনোয়ার হোসেনসহ কমিটির অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সদস্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক হিমেল কর্মকার।

















