চবি শহীদ মিনারে শব্দদূষণ নিয়ন্ত্রণে চাকসুর স্মারকলিপি প্রদান

117

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ মিনার এলাকায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে গানবাজনা ও শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শহীদ মিনার সংলগ্ন এলাকায় অবস্থিত ছাত্রী হলগুলোর শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এই দাবি জানানো হয়।

Advertisement

স্মারকলিপি প্রদান করেন চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও উচ্চ শব্দে গানবাজনা করা হচ্ছে। কিন্তু এই স্থানটির খুব কাছেই সবকটি ছাত্রী হল অবস্থিত হওয়ায় অনুষ্ঠানের তীব্র শব্দে ছাত্রীদের পড়াশোনা, বিশ্রাম ও দৈনন্দিন শান্তি চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলা উচ্চ মাত্রার শব্দ শিক্ষার্থীদের জন্য অসহনীয় হয়ে ওঠে, যা তাদের মানসিক স্বস্তি ও একাডেমিক পরিবেশের জন্য বড় বাধা।

এই পরিস্থিতিতে শহীদ মিনার ও ছাত্রী হল সংলগ্ন স্থানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে চাকসু।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে সহনীয় মাত্রা বজায় রাখা।
২. অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা।
৩. অনুমতি সাপেক্ষে নিয়ন্ত্রিত সাউন্ড সিস্টেম.ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসিক হলের শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাকসু নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ীও জনসমাগমস্থলে লাউডস্পিকার ব্যবহারে লিখিত অনুমতির বাধ্যবাধকতা রয়েছে, যা ক্যাম্পাসের শান্ত পরিবেশ রক্ষায় সহায়ক হতে পারে।

Advertisement