জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ পরের দুই সিরিজ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) জিতে যাবে এমন প্রত্যাশা আগে থেকেই ছিল দেশের ক্রিকেট প্রেমী ভক্তদের। হয়েছেও তেমনটাই। দীর্ঘ সময় পর এই প্রথম কোনও পূর্ণাঙ্গ সিরিজের সব ফরম্যাটের সিরিজ জিতল বাংলাদেশ।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য ও মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে ভর দিয়েই বিভিন্ন সময়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়, সেখানেও চারজনের পারফরম্যান্স কোন না কোন ভাবেই দলকে এগিয়ে নিয়েছে।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে তিন ট্রফি নিয়ে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার দেশে ফিরবে বাংলার টাইগার বাহিনী।
গতকাল রবিবার (২৫ জুলাই) শেষ ম্যাচের মধ্যদিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে সফর শেষ করলেও মাহমুদউল্লাহ, সাকিব, সৌম্যরা জিম্বাবুয়ে ছাড়বেন আগামী বুধবার (২৮ জুলাই)।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৮ জুলাই) জিম্বাবুয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে হারারে বিমানবন্দর ত্যাগ করবেন ক্রিকেটাররা। আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দল দেশে এসে পৌঁছবে।
এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৩ আগস্ট। ফলে দেশে ফিরেও কারো বাড়ি যাওয়ার সুযোগ থাকছে না বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
দেশে এসে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে যোগ দিতে হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আগামী ৩ আগস্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু এবং পরবর্তী ৪টি ম্যাচ হবে যথাক্রমে- আগামী ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরে সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।















