চবিতে আইকিউএসির উদ্যােগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

202

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যােগে এবং চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় উচ্চশিক্ষা বিষয়ক “Strengthening UK-Bangladesh Higher Education Partnerships” শীর্ষক এক সেমিনার আজ বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল ১০.৩০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মান্যবর সারাহ কুক (Her Excellency Sarah Cooke)। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস (Stephen Forbes)।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। যুক্তরাজ্য ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং উভয় দেশের শিক্ষা খাতের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মান্যবর সারাহ কুক (Her Excellency Sarah Cooke) বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা ও গবেষণার দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ দীর্ঘকাল ধরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। বিশেষ করে উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই অংশীদারিত্ব অত্যন্ত আশাব্যঞ্জক। ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের গবেষকদের সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং আইকিউএসির এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের সেমিনার দুই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস (Stephen Forbes) দুইদেশের মধ্যে উচ্চশিক্ষার গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং যাবতীয় পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথিদের ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠান। এখানে একাডেমিক কার্যক্রম হবে এটাই স্বাভাবিক। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে গবেষণা উচ্চশিক্ষার বিষয়ে প্রধান্য দিয়ে আসছি। অনেক দেশের সাথে উচ্চশিক্ষা নিয়ে যৌথভাবে আমরা কাজ করছি। যুক্তরাজ্যের সাথেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভালো একাডেমিক সম্পর্ক হবে প্রত্যাশা করেন উপাচার্য। তিনি এমন আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

চবি অফিস ফর ইন্টারন্যাশনাল এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মান্যবর সারাহ কুক (Her Excellency Sarah Cooke) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস (Stephen Forbes)।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় দুই দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং স্কলারশিপ বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। উপাচার্য বলেন, আমাদের চিন্তা শিক্ষার্থীদের স্বার্থে। উপাচার্য যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অতঃপর অতিথিদের নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি অফিস ইন্টারন্যাশনাল এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন ও চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান।

Advertisement