চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ভিপি ইব্রাহীম হোসেন রনি।
আজ এক বিবৃতিতে চাকসু ভিপি এই অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, “অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান স্যারের মতো একজন দক্ষ গবেষক ও শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে আমরা আনন্দিত। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতায় সমৃদ্ধ তাঁর সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন সম্ভাবনা, গৌরব ও সাফল্যের পথে আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
ইব্রাহীম হোসেন রনি আরও আশা প্রকাশ করেন যে, নতুন উপাচার্যের দূরদর্শী দিকনির্দেশনায় চবি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, জ্ঞানভিত্তিক এবং প্রগতিশীল। তিনি একটি ‘ফ্যাসিবাদমুক্ত’ ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণে নবনিযুক্ত উপাচার্যের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
বিবৃতিতে ভিপি রনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে চাকসুর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন উপাচার্যের ব্যক্তিগত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

















