খুলনায় ঈদের নামাজ পড়লেন চবি’র সদ্য বিদায়ী উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার

230

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে নিজ শহর খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

শারীরিক অসুস্থতা ও পায়ের ব্যথা উপেক্ষা করেই তিনি ঈদের নামাজ আদায় করেন। ঈদের এই বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে প্রফেসর ইয়াহ্ইয়া আখতার জানান, ঈদের নামাজে তিনি তার মরহুম বাবা-মা এবং পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি যুদ্ধবিদ্ধস্ত এলাকার মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেছেন। তবে তার প্রার্থনার একটি বড় অংশ জুড়ে ছিল প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, “মোনাজাতে স্থান পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার প্রিয়ভাজন শিক্ষার্থী, লাখো সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও সমৃদ্ধি।” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি আরও জানান, ক্যাম্পাসে রাজনৈতিক কোন্দল স্তিমিত করে একাডেমিক কার্যক্রম ও গবেষণায় অধিকতর গতিশীলতা সৃষ্টির জন্য তিনি আল্লাহর দরবারে সাহায্য চেয়েছেন। একইসঙ্গে সদ্য বিদায়ী এই উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তার মেয়াদে গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা যেন বজায় রাখা হয় এবং পেশাদারিত্বের সাথে তার বাস্তবায়ন ঘটে।

Advertisement