ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি বলেছেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। একদিকে বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ইতিহাসকে বিকৃত করেছে। অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল আরো বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠনের এক মাসের মধ্যে মানুষের জীবন মান উন্নয়নের জন্য যে অভূতপূর্ব উন্নয়নের সূচনা করেছেন তা ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা সততা ও নিষ্ঠার সহিত কাজ করলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বেশি সময় লাগবে না। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সহযোগিতার রাজনীতির মাধ্যমে সকল ধর্ম ও আদর্শের গোষ্ঠীকে এক হয়ে কাজ করা সম্ভব। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল দল ও মতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহবায়ক যথাক্রমে সালাহউদ্দিন সাহেদ,আরিফুর রহমান(মাষ্টার আরিফ),শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, মোহাম্মদ আনাছ, সদস্য ইমরান হোসেন বাপ্পি সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

















