চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভা

শিক্ষা মানুষকে শুধু ভালো মানুষই নয়, চাইলে অপরাধী হতেও সক্ষম করে তোলে: ড. ওবায়দুল করিম

103

বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেছেন, আধুনিক যুগে জ্ঞান অর্জনের জন্য অক্ষরজ্ঞান অত্যাবশ্যক হলেও প্রকৃত শিক্ষা তার চেয়েও বিস্তৃত। শিক্ষা মানুষকে শুধু ভালো মানুষই নয়, চাইলে অপরাধী হতেও সক্ষম করে তোলে। অর্থাৎ শিক্ষা একটি শক্তি, যার ব্যবহার নির্ভর করে মানুষের মূল্যবোধের ওপর।দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি সামনের দিকে এগুতে পারে না।

Advertisement

বুধবার (১ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ২য় দিনে “একটি দেশকে এগিয়ে নিতে শিক্ষিত জাতির বিকল্প নেই” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও চসিকের দেওয়ান হাট কলেজ, গ্রাহস্থ অর্থনীতি কলেজ ও রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

ড. ওবায়দুল করিম বলেন, বর্তমান সমাজে সাধারণভাবে অক্ষরজ্ঞানকেই শিক্ষা হিসেবে ধরা হয়, যা সঠিক নয়। অক্ষরজ্ঞান থাকা মানেই শিক্ষিত হওয়া নয়, আবার অক্ষরজ্ঞান না থাকলেও কেউ জ্ঞানী হতে পারেন। এমন মন্তব্য করে তিনি উদাহরণ দেন, ইতিহাসে অনেক দার্শনিক ও চিন্তাবিদ রয়েছেন, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও জ্ঞানচর্চায় তারা অনন্য।

তিনি বলেন, মানুষের দুটি জগৎ রয়েছে, প্রাকৃতিক জগৎ ও সামাজিক জগৎ। প্রাকৃতিক জগতকে জানা, তার নিয়ম বোঝা এবং তা পরিবর্তনের মাধ্যমে মানবজীবনকে সহজ করা হচ্ছে শিক্ষার একটি বড় অংশ। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো বিষয়গুলো মূলত প্রকৃতির নিয়ম জানার মাধ্যম।

তিনি বলেন, প্রাচীনকালে মানুষ বেঁচে থাকার জন্য কোন খাদ্য গ্রহণযোগ্য, কোনটি নয়, এসব জ্ঞান অর্জন করেছিল। পরবর্তীতে আগুন আবিষ্কার, অস্ত্র তৈরি, কৃষির বিকাশ, সবই শিক্ষার ফল। প্রকৃতিকে জানা ও পরিবর্তনের মধ্য দিয়েই সভ্যতার বিকাশ ঘটেছে।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন শিক্ষাবিদ ও নাট্যজন প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, লেখক ও গবেষক অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির, বক্তব্য রাখেন চসিকের সমাজ কল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ মামুন, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

Advertisement