চট্টগ্রামে চলছে মহান স্বাধীনতা বইমেলা, শেষ সময়ে পাঠক সমাগমে মুখর প্রাঙ্গণ

144

মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত ১৯ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’ এখন শেষ পর্যায়ে। নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান এ মেলায় প্রতিদিনই বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়।

Advertisement

চসিকের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজিত এ বইমেলা গত ৩১ মার্চ উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মেলায় দেশীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে সাজানো হয়েছে ১২৯টি স্টল। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল ও ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে এবারের আয়োজনে।

মেলায় ঘুরে দেখা গেছে, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, গবেষণাধর্মী বই, সাহিত্যকর্ম এবং শিশুতোষ বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি। পরিবার-পরিজন নিয়ে অনেকে মেলায় এসে বই কিনছেন এবং সময় কাটাচ্ছেন সাংস্কৃতিক পরিবেশে।

মেলায় প্রতিদিনই থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, বৈশাখী উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা এবং লোকজ সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা আশা করছেন, মেলার শেষ দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে এবং এই আয়োজন জ্ঞান ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

Advertisement