চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় কবি জিন্নাহ চৌধুরী

‘কবিতা শুধু সাহিত্য নয়, এটি প্রতিবাদের শক্তিশালী মাধ্যম’

4

লেখক ও কবি জিন্নাহ চৌধুরী বলেছেন, কবিতা শুধু সাহিত্য নয়, এটি প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। কবিতা সবসময় মানুষের কথা বলে, মুক্তির কথা বলে। অনেক না বলা কথা কবিতার মাধ্যমেই প্রকাশ পায়। কবিতা কখনো মাথা নত করে না। যত অন্যায় ও সুবিধাবাদই আসুক, কবিতা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতার বই মেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ১৭ তম দিনে কবিতাপাঠ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি উপস্থিত কবি সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের লেখনী সমাজকে সচেতন ও মানবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন অসৎ বা ভীতু মানুষ কখনো প্রকৃত কবি হতে পারে না। কবিতা সাহস, সততা ও ভালোবাসার প্রতীক।

অনুষ্ঠানের আলোচক কবি ও সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল বলেন, স্বাধীনতার পরও দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি পুরোপুরি অর্জিত হয়নি। এই না পাওয়ার বেদনা থেকেই সমাজে নানা বৈষম্য, সুবিধাবাদের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আমরা দেশ স্বাধীন করেছি, গণতন্ত্রের স্বপ্ন দেখেছি। কিন্তু আজও সেই প্রকৃত মুক্তির পূর্ণ স্বাদ আমরা পাইনি।

তিনি বলেন, দেশের মানুষ, মাটি ও মানবিক মূল্যবোধের ওপর নানা সময় অত্যাচার হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জাতির জন্য উদ্বেগজনক।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী সীমা পাল, এড. অর্পিতা দাস, সুমিত্রা বিশ্বাস ও এড. শুভাগত চৌধুরী গান পরিবেশন করেন এবং চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

লেখক ও কবি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন কবি ও সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, স্বাগত বক্তব্য রাখেন কবি আলী প্রয়াস। কবিতা পাঠ করেন অধ্যাপক কবি রুহু রুহেল, কবি সাথী দাস, কবি রেজাউল করিম, কবি বিদ্যুৎ কুমার দাস, কবি আলমগীর ইমন, রাজিব রাহুল, আকতারী ইসলাম, নাহিদা আকতার নাজু, মিনহাজ মাসুম। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

Advertisement