চট্টগ্রামে অনুষ্ঠিত ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ উদ্বোধন করা হয়েছে। মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন মো. ইসহাক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে, যা পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বিদেশি অংশগ্রহণ দেশীয় উদ্যোক্তাদের আরও মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহিত করে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পখাত বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়।
মেয়র আরও বলেন, আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি পেলে দেশের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং অর্থনীতির গতি আরও ত্বরান্বিত হবে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন দেশের জিডিপি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বাণিজ্য মেলা আয়োজন ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, আইনশৃঙ্খলা বাহিনী, আয়োজক ও ব্যবসায়ী মহলের সহযোগিতা ছাড়া এ ধরনের বড় আয়োজন সফল করা সম্ভব নয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ট্যুরিজম, আইটি, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস ও ফ্যাশনসহ বিভিন্ন খাতের স্টল প্রদর্শিত হচ্ছে।
















