মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

24

কাপ্তাই হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং হ্রদের ভারসাম্য রক্ষার্থে মধ্যরাত বন্ধ হচ্ছে মাছ শিকার।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর থেকে তিন মাসের এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এর আগে ২০ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নিষিদ্ধ সময়ে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ জেলার স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির তথ্য মতে, পানি কমতে এবং হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় ২৫ এপ্রিল (শনিবার) রাত ১২টার পর থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস নিষেধাজ্ঞাকালীন সময়ে কাপ্তাই হ্রদ নির্ভরশীল জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেবে সরকার।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, হ্রদের মাছের প্রজননের সময় ঘনিয়ে আসা ও হ্রদের পানি কমতে থাকায় ৬ দিন আগে এবার কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ হচ্ছে। যাতে করে শেষ সময়ে এসে মা মাছগুলো শিকার না হয়। এসময় মাছ শিকার বন্ধের বিএফডিসি ও নৌ-পুলিশের টহল অব্যাহত থাকবে।

কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও সুষম বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় ছয়দিন আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement