বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত মাহমুদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা শাখা।
শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউরীস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান বলেন, জনগণের ব্যাপক সমর্থনে জাতীয় নির্বাচনে বিএনপির বিশাল বিজয় এবং জননেতা তারেক রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দেশ যখন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত ও অপশক্তি পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা এখন পরিবার ও নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে, যা সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতিকে ধ্বংস করার শামিল।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। চট্টগ্রামের রাজপথ থেকে এই অপশক্তির দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের মাহমুদ নামের এক ব্যক্তির ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানান। হারুন জামান তাঁর বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, এই কুলাঙ্গারকে অবিলম্বে দ্রুত বিচার আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। রাজনীতিতে সৌজন্যবোধ ফিরিয়ে আনতে হলে এসব অপশক্তিকে সমাজচ্যুত করার বিকল্প নেই।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নাসিমন ভবন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা অভিযুক্তের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে ও প্রজন্ম নেতা সেলিম উদ্দিন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম আহবায়ক রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল গফুর বাবুল, এম এম মনসুর, জসিম উদ্দিন সাগর, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, ওসমান গণি, মশিউর রহমান মেহেদী, গোলাম মোস্তফা, মো. আলমগীর, জাকারিয়া সোহেল, ইসমাইল হোসেন নিশান, ইয়াকুব খান বাবু, মো ফরিদ, আজিম উদ্দিন, মো. সোহেল, মো. মহসিন, আবদুল গফুর, মো. সুজন প্রমুখ।

















