মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জুন) দুপুরে নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কর্মনিষ্ঠা, সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিস্মরণীয় ভূমিকা, উৎপাদনমুখী অর্থনীতি প্রতিষ্ঠা, গ্রামীণ উন্নয়ন, বিকেন্দ্রীকরণ এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন এবং আত্মমর্যাদাশীল, স্বনির্ভর বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা আজও জনগণের কাছে সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।”
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল জনগণকেন্দ্রিক উন্নয়ন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের দর্শন। বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিএনপি।”
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ. আজিজ, এস. এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর. ইউ. চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, মুজিবুল হক, কামরুল ইসলাম, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহাম্মদ, এ. কে. খান, এম. এ. সবুর, শিহাব উদ্দিন আলম, আবু মুসা, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

















