চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা ও ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। কোথাও অল্প সময়ের জন্যও বৃষ্টির পানি জমে থাকলে তা সিটি কর্পোরেশনকে জানাতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
শনিবার সন্ধ্যায় রুমঘাটা কল্যাণ কমিটির সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, রুমঘাটার সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। এলাকার বহু চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, রুমঘাটার উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। গত বর্ষা মৌসুমে প্রায় ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। বর্তমানে ৩৬টি খালের উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হওয়ার পর আরও ৪০টি খালের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কোথাও সাময়িক সময়ের জন্যও বৃষ্টির পানি জমে থাকলে তা সিটি কর্পোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মেয়র বলেন, বিটিআই (BTI) প্রযুক্তিভিত্তিক লার্ভিসাইড ব্যবহারের ফলে নগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ২০২৩ সালের তুলনায় বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক কম এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পানি জমতে পারে এমন স্থান পরিষ্কার রাখতে হবে। মশকনিধন কার্যক্রমে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে চট্টগ্রামের রুমঘাটা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রুমঘাটা কল্যাণ কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আমানউল্লাহ আল ছগীর (ছুটু)-কে সভাপতি এবং মাহমুদ জামান খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি শ্যামা প্রসাদ রক্ষিত; সহ-সভাপতি ডা. সাইফুল্লাহ খান, সত্যজিৎ বিশ্বাস (টাবুল) ও ডা. টিপু সুলতানা; সহ-সম্পাদক তাহের সিদ্দিকী শাহ ও সজীব দে; সাংগঠনিক সম্পাদক আরেফুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফী; কোষাধ্যক্ষ সাদেকুর রহমান; সহ-কোষাধ্যক্ষ আশফাক হোসেন চৌধুরী (ফারুক) ও শক্তি প্রসাদ রক্ষিত এবং প্রচার ও দপ্তর সম্পাদক সজীব বিশ্বাস। এছাড়া ১৮ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী সদস্য পরিষদও গঠন করা হয়েছে।
এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জাহেদ নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমঘাটা কল্যাণ কমিটির উপদেষ্টা পরিষদের কো-চেয়ারম্যান মতিউর রহমান খান। বক্তব্য দেন এডহক কমিটির চেয়ারম্যান আব্দুল বাসেত দুলাল, ডা. নওশাদ আহমেদ খান, ডা. টিপু সুলতানা, শ্যামা প্রসাদ রক্ষিত, প্রদীপ বিশ্বাস (অপু) ও সৈয়দা রিফাত আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি ডা. সাইফুল্লাহ খান।
সভায় বক্তারা বলেন, রুমঘাটার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, যুবসমাজের ইতিবাচক সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নবগঠিত কমিটি নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে। পাশাপাশি এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
















