জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে? স্বর্ণ কেনার অভিযোগে সমালোচনায় বাবা

1

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবার বিরুদ্ধে সরকারি অনুদানের অর্থ ব্যবহার করে দ্বিতীয় বিয়ে ও স্বর্ণালংকার কেনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

Advertisement

অভিযোগ রয়েছে, শহীদ পরিবারের জন্য পাওয়া অনুদানের অর্থ থেকে ৭ লাখ টাকার কাবিন এবং প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার কিনে গত ২৯ মে দ্বিতীয় বিয়ে করেন মোহাম্মদ আব্দুল মতিন (৫০)। তিনি রাজধানীর মতিঝিলে একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত।

আব্দুল মতিনের প্রথম স্ত্রী মমতাজ বেগম দাবি করেছেন, তার অনুমতি ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি অভিযোগ করেন, শহীদ ছেলের মৃত্যুর পর পাওয়া সরকারি সহায়তার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করা হয়েছে।

মমতাজ বেগম বলেন, সন্তানের মৃত্যুজনিত শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রেও জালিয়াতির চেষ্টা হয়েছিল, যা তিনি প্রতিহত করেন।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মতিন। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন এবং নিজের উপার্জনের অর্থেই বিয়ের খরচ বহন করেছেন। তিনি বলেন, বংশ রক্ষার প্রয়োজন এবং পারিবারিক চাপে তিনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, শেখ শাহরিয়ার বিন মতিন ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকার মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। তিনি পরিবারের একমাত্র ছেলে ছিলেন।

এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি জুলাই আন্দোলনের কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। জুলাই যোদ্ধা রুহুল আমিন রিপন বলেন, একজন শহীদের বাবা হিসেবে এমন কর্মকাণ্ড জনমনে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

Advertisement