সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

28

সাভারে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তিনজন আহতের তথ্য পাওয়া গেছে। তারা হলেন, মো শাহীন খান্দকার (৩০), মো জসিম (২৬) ও মো শাহাদাত হোসেন (৪০)।

বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে ককটেল হামলার পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এই বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

একইসঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

Advertisement