‘মানবিক চিকিৎসক’ সন্দীপন দাশ আর নেই

249

চট্টগ্রামের ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিত সন্দীপন দাশ আর নেই। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

ডা. সন্দীপন দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইম্পেরিয়াল হাসপাতালের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ডা. এ কে এম আরিফ উদ্দিন। তিনি বলেন, কিডনি সমস্যা, শরীরে সোডিয়ামের ঘাটতি, মস্তিষ্কের স্নায়ু কার্যকারিতা হ্রাস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন সন্দীপন। গতকাল রবিবার পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শুরুর পর মাল্টি অর্গান ফেইলিউরের কারণে মারা যান।

এই চিকিৎসকের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গতবছর করোনায় আক্রান্ত হয়ে সন্দীপন দাশ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এরপর তার শারীরিক জটিলতা আরও বাড়ে বলে জানিয়েছেন সহকর্মীরা।

৫২ বছর বয়সী সন্দীপনের স্ত্রীও একজন চিকিৎসক। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, বাবা-মা রেখে গেছেন।

Advertisement