চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে চট্টগ্রাম জেলা ইউনিটের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজিএম ইউনিটের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই ওজিএম সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সকলের দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিধি-বিধান ও সাংগঠনিক নিয়ম মেনে স্বচ্ছতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ওজিএম এবং পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে ও নিরপেক্ষ পরিবেশে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার নগরীর লালদিঘিস্থ চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন কমিশনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় আসন্ন ওজিএম (সাধারণ সভা) আয়োজন, সার্বিক প্রস্তুতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউয়াল চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আযম খান ও মোহাম্মদ সরোয়ার হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, কে এম ইমরান এমি, মো. জিয়াউল হক, আশরাফ উদ্দৌলা সুজন, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী ও সিরাজুল করিম হিরো উপস্থিত ছিলেন।
















