সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল ফি দ্বীনিল্লাহ্ জামে মসজিদ ময়দানে পবিত্র আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি মধ্যম ভাটেরখীল ২নং ওয়ার্ড শাখা ও এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব মসজিদ ময়দানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা মহানবী (দঃ)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
গাউছিয়া কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা তৈয়্যবিয়া তাহেরিয়া শাহী জামে মসজিদের খতিব শায়খ মুহাম্মদ সোলাইমান আলী রজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এজাহারুল ইসলাম। বিশেষ ওয়ায়েজিন হিসেবে তাশরীফ পেশ করেন ভাটেরখীল ফি- দ্বীনিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা এইচ.এম. আক্তারুজ্জামান, মাওলানা ইকবাল হোসেন, মোঃ আজম খাঁন, মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক বেলার হোসেন। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন শায়ের মোহাম্মদ ইমরান হোসাইন কাদেরী। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

















