নগরীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সরেজমিনে তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এরই ধারাবাহিকতায় রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়ন কাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। কার্পেটিং কাজ সম্পন্ন হলে সড়কটির চলাচল ব্যবস্থা আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি যেমন বাড়াতে হবে, তেমনি প্রতিটি প্রকল্পের গুণগত মানও নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।”
অক্সিজেন-মুরাদপুর সড়কের কার্পেটিং কাজ শেষ হলে এ সড়ক ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

















