অভিনব কৌশলে পাচারের সময় সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ৬০ লক্ষ টাকার ইয়াবা আটক

33

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। জব্দকৃত এসব ইয়াবার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

Advertisement

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী বিশেষ চেকপোস্টে স্টার লাইন নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ শহিদুল ইসলাম (৪২) নামে এক যাত্রীর কাছ থেকে উক্ত ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়া গ্রামের আলী মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শহর থেকে এক মাদক কারবারি যাত্রীবাহী বাসে করে বড় এক ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।বুধবার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ‘স্টারলাইন পরিবহন’-এর যাত্রী মো. শহিদুল ইসলামের গতিবিধি ও হাতের ফাইল দুটি নিয়ে সন্দেহ হয় অভিযানকারীদের তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। হাতে থাকা অ্যাশ রঙের দুটি দাপ্তরিক কোর্ট ফাইল দুটি খুলতেই বেরিয়ে আসে অভিনব জালিয়াতির দৃশ্য। প্যাকেটগুলো খুলে একে একে গুনে উদ্ধার করা হয় মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা। উদ্ধারকৃত এই ভয়াল মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

এ বিষয়ে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে কম মূল্যে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকায় চড়া দামে বিক্রি করে আসছিলেন।গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement