সীতাকুণ্ডে পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

1

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডের বড় দারোগারহাটে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে মোঃ আলিম চৌধুরী (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর রহমত নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিম চৌধুরী ওই গ্রামের মৃত মাষ্টার আবু বক্কর এর ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরে মাছের খাদ্য দিতে যান আলিম চৌধুরী। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ফরিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগরিবের সময় আমার বড় ভাই বাড়ির পাশে একটি পুকুরে মাছের খাদ্য দিতে বের হন। বেশ কিছুক্ষণ তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন তিনি পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Advertisement