মোঃ তৌহিদুল ইসলাম: ‘গ্রিন চট্টগ্রাম, হেলদি হার্ট’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের ওয়াকওয়েতে অনুষ্ঠিত হয়েছে পোর্ট সিটি ইকো রান ২০২৬। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ দৌড় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন রানার অংশগ্রহণ করেন।
দ্য রান ফ্যাক্টরি চাটগাঁ আয়োজিত এ ইভেন্টে অতিথি রানার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন, ভাইস চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলি। তিনি রানারদের সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করেন এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপনে নিয়মিত দৌড় ও শারীরিক অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।
পতেঙ্গার নৈসর্গিক পরিবেশে আয়োজিত এ রানে সকাল থেকেই বিভিন্ন বয়সী রানারদের উপস্থিতিতে ওয়াকওয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা দৌড়ের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরেন।
আয়োজকরা বলেন, বর্তমানে মানুষের জীবনযাত্রায় শারীরিক কর্মকাণ্ডের পরিমাণ কমে যাওয়ায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নিয়মিত হাঁটা ও দৌড়ের মতো সহজ ও কার্যকর শারীরিক অনুশীলন মানুষকে সুস্থ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও নাগরিক সচেতনতা প্রয়োজন।
এই দুই বিষয়কে সমন্বিত করেই ‘গ্রিন চট্টগ্রাম, হেলদি হার্ট’ প্রতিপাদ্যে পোর্ট সিটি ইকো রান আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আয়োজনে অংশ নেওয়া রানারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পতেঙ্গা সমুদ্রসৈকতের উন্মুক্ত পরিবেশ, সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য এবং ওয়াকওয়েজুড়ে রানারদের অংশগ্রহণ আয়োজনটিকে একটি উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
আয়োজক দ্য রান ফ্যাক্টরি চাটগাঁ-এর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে একটি সুস্থ, সক্রিয় ও পরিবেশ সচেতন রানিং কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতেও দৌড় ও শরীরচর্চাকে কেন্দ্র করে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকদের মতে, পোর্ট সিটি ইকো রান ২০২৬ কেবল একটি দৌড় আয়োজন নয়; বরং এটি স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক অংশগ্রহণকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি উদ্যোগ।

















