গাজীপুরে বস্তা থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার, নিরাপত্তায় ঘিরে রেখেছে পুলিশ

36

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার গুটিয়ার আন্দারুল এলাকায় বস্তার ভেতর থেকে ককটেলসদৃশ ১০ থেকে ১২টি বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমানে উদ্ধার করা বস্তুগুলো নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী দলের অপেক্ষায় ঘটনাস্থলে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আন্দারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হৃদয়ের (আত্তশ আলী) বাসার সামনে স্থানীয় লোকজন বস্তার ভেতর রাখা ককটেলসদৃশ বস্তু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে। বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা পরীক্ষা ও নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।”

ঘটনার বিস্তারিত জানিয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা ১০টি ককটেলসদৃশ বস্তু ঘিরে রেখেছি। ককটেলের মতো ১০-১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি এগুলো ককটেল হবে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে আসছে। তারা আসার পরই নিশ্চিত হওয়া যাবে এগুলো ককটেল নাকি ককটেলসদৃশ বস্তু।”

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।

Advertisement