নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে নেপালের কোশি প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল প্রায় ২০ কিলোমিটার বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।
ভূমিকম্পের কম্পন ঢাকা, ময়মনসিংহ, রংপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
















