চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বুধবার (৪ নভেম্বর) তাঁর জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত সমস্যার কথা উল্লেখ করে সময় চেয়ে আবেদন করেন।
অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি একই মামলায় পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।
উল্লেখ্য, ২০২১ সালে সাভারের ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন।

















