নিজস্ব প্রতিবেদন: শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ নভেম্বর) নগরের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম ঝুমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।
সমাবেশে বক্তারা বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। তিনি গান ও বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তাঁর পরিবেশিত একটি ব্যঙ্গাত্মক গান উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিন দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

















