চট্টগ্রামের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

1

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

Advertisement

তিনি বলেন, ‘সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীকে সেবা ও স্বস্তি দিতে কাজ করে যাচ্ছেন। তবে তার উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ প্রচার হচ্ছে না। শুধু সিটি করপোরেশন নয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরতে হবে।

আজ শনিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বললেন।

প্রতিমন্ত্রী বললেন, ‘বিএনপি সরকার গঠনের আগেই ডা. শাহাদাত হোসেন নগরীর উন্নয়নে কাজ শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন।’

নগরীর যানজট ও ফুটপাতের সমস্যা সমাধানে হকারদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দিয়ে তিনি জানান, হকারদের উচ্ছেদ করলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাই তাদের অন্য কোথাও পুনর্বাসন করা যায় কি না, তা সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে। নগরীর যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আর এস এম নসরুল কাদের, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবুল হাসেম মোহাম্মদ বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক শাহদাত হোসেন।

শাহাদাত বললেন, ‘দায়িত্ব গ্রহণের পর চসিকের ৫৯৬ কোটি টাকার দেনা ছিল। গত দুই বছরে সেই দেনা পরিশোধ করে প্রতিষ্ঠানটিকে দেনামুক্ত করা হয়েছে। বর্তমানে চসিকের নিজস্ব তহবিলে ৩২৫ কোটি টাকা সঞ্চিত রয়েছে।

তিনি বলেন, ‘নাগরিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের জন্য দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে স্কুল হেলথ কার্ড। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু ও নাক-কান-গলার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

প্রশাসক বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন, ড্রেজিং ও পরিষ্কারের কাজ চলছে। এ জন্য নালা ও খাল পরিষ্কারে ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খালগুলোতে চলমান কাজ শেষ হলে জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে নিরসন হবে। বিমানবন্দর সড়কে দেশের প্রথম ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন এলাকায় আট একর জায়গার ওপর আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে।’

সংসদ সদস্য আবু সুফিয়ান জানান, ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরবাসীকে স্বস্তি ও শান্তি দিতে কাজ করছেন। তার এই প্রচেষ্টার সুফল আগামী দিনে নগরবাসী পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বললেন, ‘ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। নগরীকে যানজটমুক্ত ও সুন্দর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান ও ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।

Advertisement