সন্ত্রাস-নৈরাজ্য ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ার আহ্বান নাজিমুর রহমানের

2

ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই; রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কৈবল্যধাম আশ্রম রোড এলাকায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিমুর রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন। নানা নির্যাতন ও বাধা সত্ত্বেও তারা রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। সেই সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা, উসকানি ও সংঘাতের পথ পরিহার করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা রাজনৈতিকভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা ষড়যন্ত্র, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এবং সহিংস পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, দমন-পীড়ন কিংবা সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি মেনে নেবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, সীতাকুণ্ড থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরসালিন, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, মাহবুবুল আলম, শাহরিয়ার জিয়া, আব্দুর রহিম সজল, নুর বক্স মিলন, মো. হানিফ, হাজী বেলাল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান এবং বিএনপি নেতা জসিমউদ্দীন, নাছির উদ্দীন ও ফজল আমিন ডিসিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পূর্ব ফিরোজশাহ কৈবল্যধাম আশ্রম মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কে খান মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Advertisement