শ্রমিকদের কল্যাণে আবাসন ও হাসপাতাল প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে: প্রশাসক ডা. শাহাদাত

20

শ্রমিকদের জীবনমান উন্নয়ন, আবাসন সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Advertisement

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে শুধু কথায় নয়, বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে পাঁচটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রীও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মীর জন্য প্রথমবারের মতো দুই ঈদে ৫ হাজার টাকা করে বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এটি প্রচলিত ঈদ বোনাসের বাইরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া অনুদান। শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের প্রতিফলন।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকার সারা দেশে শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চট্টগ্রামেও একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন কোনো একটি হাসপাতাল শ্রমিকদের স্বাস্থ্যসেবার জন্য বিশেষভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসক বলেন, বর্তমানে নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে উচ্ছেদের পর আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করা হচ্ছে। এমনকি পুনর্বাসনের সুযোগ দেওয়া হলেও কেউ কেউ নির্ধারিত জায়গার বাইরে দোকান সম্প্রসারণ করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি শ্রমিক দলের নেতাদের উদ্দেশে বলেন, নগরীর ১৬টি থানার আওতাধীন এলাকায় প্রকৃত শ্রমজীবীদের চিহ্নিত করতে সংগঠনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। এ জন্য ৮ থেকে ১০ জনের সমন্বয়ে কমিটি গঠন করে প্রকৃত শ্রমজীবীদের তালিকা তৈরি করতে হবে। তাঁদের বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। তবে সবকিছুই প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে করতে হবে। ফুটপাত ও সড়ক পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।

সিটি কর্পোরেশনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো কাজ বা সুবিধা পেতে হলে অবশ্যই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। টেন্ডার বা আবেদন প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। নিয়মের মধ্যে থেকে যোগ্য ও প্রকৃত শ্রমজীবীদের সহযোগিতা করা হবে।

চট্টগ্রাম নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তুলে ধরে প্রশাসক বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চট্টগ্রামে আসছেন। ফলে নগরীর জনসংখ্যার চাপ বাড়ছে। এ অবস্থায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে পড়ছে। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোতালেব চৌধুরী, জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, এস এম আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহ সম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ।

Advertisement