দুই বছর বিরতির পর চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামকে ঘিরে সরকারের বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, লজিস্টিকস ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হবে। এটি শুধু তার ব্যক্তিগত ইচ্ছা নয়, প্রধানমন্ত্রীরও পরিকল্পনা। চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে। এখন সরকার চট্টগ্রামকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা করছে। বন্দর পরিচালনায় বৈশ্বিক মানের দক্ষতা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। এ জন্য বন্দরগুলো বেসরকারি খাতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে এ বিষয়ে কার্যক্রম চূড়ান্ত হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। চট্টগ্রাম বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন সুবিধা গড়ে তোলা হবে। চট্টগ্রামকে শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমুদ্রবন্দরের পাশাপাশি বিমানবন্দরকেও আন্তর্জাতিক লজিস্টিকস হাবে পরিণত করতে হবে।
তিনি বলেন, দুবাইয়ের জেবেল আলী বন্দরের আদলে একটি লজিস্টিকস ও ওয়্যারহাউজ সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এই অবকাঠামো শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ ও পুরো অঞ্চলকে সেবা দেবে। লজিস্টিকস খাতও বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর নদীবন্দর হওয়ায় বড় জাহাজ সরাসরি ভেড়ানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খুলনা অঞ্চলেও গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আনার উদ্যোগ রয়েছে। পাশাপাশি মহেশখালীতে কোরীয় ও জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থলভিত্তিক গ্যাস অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারগুলোর দুর্নীতি ও ঋণের বোঝা, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং শেয়ারবাজারের সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি আমদানির চাপও সামাল দিতে হচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও সরকার বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ভালো ও লাভজনক প্রকল্প নেওয়া গেলে অর্থায়ন কোনো সমস্যা নয়। এ নীতির ভিত্তিতেই সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে। এতে চট্টগ্রামের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ ও সহায়তার সুযোগ রয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হচ্ছে।
দেশের অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিরও গণতন্ত্রায়ণ প্রয়োজন। অর্থনীতি যেন অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত না থাকে, সে জন্য দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার পাঁচ বছর মেয়াদে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে যে পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
মেলায় অংশ নিচ্ছে ৩০০টির বেশি প্রতিষ্ঠান
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল রয়েছে। এতে দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, চীন, পাকিস্তান ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও মেলায় তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
২০ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলা মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল। প্রায় দুই বছর বিরতির পর এবার বসেছে মেলার ৩২তম আসর।
















